পৃথিবীর আকাশে দেখা যাবে একটি নতুন চাঁদ

 বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান, ‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’ অনেকেরই পরিচিত। রাতের আকাশে তাকালে সাধারণত একটি চাঁদই দেখা যায়। তবে ২৯ সেপ্টেম্বর থেকে পৃথিবীতে নতুন একটি চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই নতুন চাঁদটি আসলে একটি ক্ষুদ্র গ্রহাণু, যার নাম ‘২০২৪ পিটি৫’। ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এই দ্বিতীয় চাঁদটি দেখা যাবে, তবে এটি খালি চোখে দেখা সম্ভব নয়; কমপক্ষে ৩০ ইঞ্চি ব্যাসের একটি শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে এটি পর্যবেক্ষণ করতে হবে।

 

 

 


 



জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, নতুন চাঁদটি আকারে ছোট এবং এটি অর্জুন গ্রহাণু বেল্টের অন্তর্ভুক্ত। অর্জুন গ্রহাণু বেল্ট পৃথিবী থেকে প্রায় ৯ কোটি ৩০ লাখ মাইল দূরে অবস্থিত। ফলে এটি অনেক দূর থেকে পৃথিবীকে অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করবে এবং পরে আবার অর্জুন গ্রহাণু বেল্টে ফিরে যাবে। ফিরে যাওয়ার আগে এটি মাত্র দুই মাসের জন্য পৃথিবীর মতো প্রদর্শিত হবে।

 

 

 

 

 নতুন এই ক্ষুদ্র চাঁদটিকে জ্যোতির্বিজ্ঞানীরা মিনি-মুন ইভেন্ট হিসেবে চিহ্নিত করেছেন। তাঁদের মতে, ‘স্বল্প সময়ের জন্য এ ধরনের গ্রহাণু আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করতে সক্ষম। যেকোনো গ্রহাণুকে মিনি-মুন হিসেবে পরিগণিত হতে হলে পৃথিবীর প্রায় ২৮ লাখ মাইলের নিকটবর্তী হতে হবে। এই অবস্থায় বস্তুটি অস্থায়ীভাবে পৃথিবীর আকর্ষণের অধীনে চলে আসে।’

সূত্র: স্পেস ডটকম, ফোর্বস ডটকম.